Published : 15 Mar 2026, 09:05 PM
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার দুপুরে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভয়ে আতঙ্কিত মুক্তিযোদ্ধার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগের আঙুল স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের দিকে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। মুক্তিযোদ্ধার ছেলে আবদুল গফফার জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাঁরা ইসলামপুর গ্রামের কিছু সরকারি জায়গায় বসবাস করছেন।
তাঁদের বাবা আবদুল্লাহ খান সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য ওই জমির বন্দোবস্ত পেয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে রানীগঞ্জ ইউনিয়নের যুবদল নেতা নিজাম উদ্দিন ও তাঁর সহযোগীরা জমিটি দখলের চেষ্টা করেন। তাঁরা আবদুল গফফারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা নানাভাবে হুমকি দিতে থাকেন। অবশেষে রোববার দুপুরে যুবদল নেতা নিজামের নেতৃত্বে একদল লোক বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আবদুল গফফার আরও বলেন, “দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন ও তার সহযোগীরা আমাদের জমি দখলের চেষ্টা করে আসছিল।
এ নিয়ে থানায় অভিযোগও করেছিলাম। ক্ষিপ্ত হয়ে তারা আমাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং সবকিছু লুট করে নিয়ে গেছে। আমাদের কাছে হামলার ভিডিও প্রমাণ রয়েছে।” ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক হাদী আবদুল্লাহ জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি এবং মুক্তিযোদ্ধার ছেলের ঘর ভাঙা অবস্থায় দেখেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”।
লেবুবাগানে মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুতের ফাঁদে প্রাণ হারালেন দিনমজুর